আপনি কি জানেন বায়তুল মুকাররমের দক্ষিণ গেইটে গেলো রোববার থেকে ইসলামি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘ইসলামি বইমেলা’ অনুষ্ঠিত হচ্ছে? যদি জেনে থাকেন তাহলে আপনাকে সাধুবাদ। আর যদি আপনি না জেনে থাকেন, তাহলে তাতেও আপনার বিশেষ কোন দোষ নেই। মূলত, আপনাকে জানতে দেওয়া হয়নি বা হয়না বলেই আপনি এ সম্পর্কে জানেন না।
![]() |
| Islamic Book Fair 2019 |
প্রায় নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ। অথচ, এদেশে ‘ইসলামি বইমেলা’র জন্য বরাদ্দ দেওয়া হয় পুরান ঢাকার চিপা গলির সমান একটা জায়গা। বাংলা একাডেমির বইমেলায় ‘ব্রাত্য’ করে রাখা ইসলামি প্রকাশনাগুলোকে দয়াপরবশ হয়ে যে অন্তত এটুকুন জায়গা ‘তারা’ দিচ্ছে, তা-ই বা কম কিসে, বলুন?
এই যে দেখুন না, ইসলামি ফাউন্ডেশন এই মেলার আয়োজক। অথচ, বায়তুল মুকাররমের দক্ষিণ গেইটে একটা ব্যানার ঝুলিয়ে দিয়েই তারা দায় সেরেছে। এই মেলা নিয়ে তাদের না আছে কোন প্রচার, না আছে কোন মাথাব্যথা। হুজুরদের বই। কতোই বা আর বিক্রি হবে, বলুন? এগুলোর পেছনে সময় আর শ্রম দেওয়ার মানে উলুবনে মুক্তো ছড়ানো!
আমাদের মিডিয়াগুলোর কথা আর কি বলবো! ঈদের দিন নোবেল পাঞ্জাবি পরবেন না শার্ট, সেই ব্যাপারটা তারা বিশাল করে ছাপাতে পারলেও, ইসলামি বইমেলা নিয়ে তারা একটা শব্দও খরচ করবেন না। কারণ কি? কারণ হলো, নোবেলের
বাজারমূল্য অনেক। ইসলাম তো ক্ষ্যাত!
যেসব সেক্যুলারদের আপনি সারাদিন ‘সমতার বাংলাদেশ’, যেসব বুদ্ধিজীবীদের আপনি ‘আমার পৃথিবী অনেক বড়’ শ্লোগান দিয়ে মাঠঘাট কাঁপাতে দেখেন, তারাও এই ‘ইসলামি বইমেলা’র নাম শুনে নাক সিঁটকোয়। ভাবে, ‘মোল্লাদের ধর্মীয় কিতাব! মেলা করে বিক্রি করার কি আছে?’
আপনার কি আঁতে লাগে না? একবারও নিজেকে ছোট মনে হয় না? আপনার বিশ্বাসকে তারা দুই পয়সার মূল্য দিতে চায় না, অথচ দিনশেষে আপনিই তাদের প্রোডাক্ট। আপনাকে ব্যবহার করেই তারা তাদের পত্রিকার টিআরপি বাড়ায়। চ্যানেলের ভিউয়ার বাড়ায়। পরিব্যাপ্ত করে নিজেদের পরিচিতি। একটু তো ভাবুন! কেনো আপনি নিগৃহীত? কেনো আপনাকে ‘স্পেস’ দেওয়া হয়না? কেনো আপনার কথা তারা প্রচার করেনা?
এটা একটা স্পষ্ট লড়াই। লড়াইয়ের বিষয়বস্তু ‘আপনার বিশ্বাস বনাম তাদের বিশ্বাস’। তাদের বিশ্বাসকে ছড়িয়ে দিতে তারা মরিয়া, বদ্ধপরিকর। আর আপনি? আপনি কি থেমে যাবেন? ছেড়ে দেবেন? ভেঙে পড়বেন? হেরে যাবেন?
লড়াইটা যখন স্পষ্টই, চলুন না কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের অস্তিত্বের জানান দিই। চিৎকার করে বলি, ‘বিনা যুদ্ধে নাহি দিবো ছাড় সুচাগ্র মেদিনী’।
বায়তুল মুকাররমের দক্ষিণ গেইটে একমাস ব্যাপী ‘ইসলামি বইমেলা’ হচ্ছে। সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকছে মেলা প্রাঙ্গন। সেখানে থরে থরে সাজানো আছে আপনার বিশ্বাসের স্বপক্ষের কথামালায় গ্রন্থিত বই। ইসলাম নিয়ে কাজ করতে চায় এরকম একঝাঁক স্বপ্নবাজ প্রকাশক আপনার উপস্থিতির জন্য অপেক্ষা করে আছে। এই মেলা নিয়ে দেশের কোন প্রচার মিডিয়ায় কোন প্রচার নেই। নেই কোন আয়োজন। কিন্তু তাতে কি? আমরা তো আছি। চলুন আমরা দলে দলে, বন্ধুদের নিয়ে, পরিবারের লোকজন নিয়ে এই মেলা থেকে ঘুরে আসি। বই কিনি বা না কিনি, অন্তত, আমাদের সরব উপস্থিতি দিয়ে আমরা তাদের জানিয়ে আসি, ‘আমরা জেগে গেলে তোমাদের ঘুম পাড়ানি গল্প কাজ করবেনা’।
লিখেছেন: আরিফ আজাদ

0 comments:
Post a Comment